Description
প্রতিটি গল্পই আলাদা সত্তার হলেও তাদের একসুতোয় বেঁধে রাখে আদরের চোরাস্রোত। যে আদর কোথাও নীল, কোথাও সবুজ আবার কোথাও বা ধূসর। কোনো বাঁকে ভেজে চোখ, কোথাও আবার গা শিরশির করে। মাঝ দরিয়ায় ঝড় আছড়ে পড়ে যখন, ভাটিয়ালি গান গায় মাঝি; আদর গাঙের এই নাও সেই গান শুনে শান্ত ক’রে, সুস্থির ক’রে, ধরে রাখে নিজেকে, ধানগাছের গায়ে হেমন্তের শিশিরের মতো। আঙুলের ডগায় সেই ফোঁটাকে নিয়ে সূর্যের আলোয় দেখবেন নাকি একবার? কে বলতে পারে হয়তো প্রতিফলিত হল আপনারই জীবনের কোনো মুহূর্ত…
এই বইয়ের গল্পগুলো কাগজের নৌকার গায়ে লেখা হয়ে পাড়ি দেয় অজানার উদ্দেশে। কে জানে হয়তো একদিন দেখলেন, এদের মধ্যেই কোনো একটা, বৃষ্টির জলে আপনার বাড়ির পাশে যে অস্থায়ী নদী তৈরি হয়েছে, তাতে করে ভেসে যাচ্ছে দিকশূন্যপুর।
পেছন থেকে ডাকলেন আপনি, “কীহে, যাচ্ছ কোথায়?”
গতি কমিয়ে ঘাড় ঘুরিয়ে হাসবে নাও, বলবে, “আমার সঙ্গে চলো। নিজেই দেখতে পাবে।”








Reviews
There are no reviews yet.