Description
তাঁরই গানের কথা একটু বদলে নিয়ে বলা যায়, রবীন্দ্রনাথকে জানা আমাদের ফুরাবে না। অফুরন্ত বিস্ময়ের অন্তহীন উৎস তিনি স্বয়ং—তাঁর সাধনা ও সৃষ্টি, তাঁর জীবন ও কর্মপরিধি, তাঁর মনন ও দর্শন, তাঁর বৈচিত্র্য ও বহুমাত্রিকতা, তাঁর অভিঘাত ও উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশতম জন্ম-বর্ষ-পূর্তি উপলক্ষে স্থির হয়েছিল যে, সংবেদনশীল ও মননঋদ্ধ বাঙালী লেখকের মনস্ক, বিচিত্রমুখী রবীন্দ্রচর্চার অভিজ্ঞান নিয়ে প্রকাশিত হবে সারবান ও সংগ্রহযোগ্য একটি আলোচনাগ্রন্থ। সেই সশ্রদ্ধ সংকল্পেরই অনন্য ফসল এই ঐতিহাসিক সংকলন—‘রাতের তারা দিনের রবি’। নানান অচেনা দিক থেকে রবীন্দ্রনাথকে দেখার এক স্মরণীয় প্রয়াস। রবীন্দ্রনাথের প্রায়-অপরিচিত একটি স্মৃতিচারণ এবং রবীন্দ্র-সান্নিধ্যধন্য দুই একনিষ্ঠ রবীন্দ্রসাধকের সজীব স্মৃতি-অভিজ্ঞতা এবং রবীন্দ্র-বন্ধু-পরিচিতি দিয়ে এ-সংকলনের সূচনা। কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার-প্রযোজক-অভিনেতা, গীতিকার, দার্শনিক, বিজ্ঞানপ্রেমিক, বৈয়াকরণ, রাজনীতি-অর্থনীতি-চিন্তাবিদ, চিত্রশিল্পী, ভারতীয় সংস্কৃতির উত্তরসাধক, শিক্ষা-পদ্ধতির পরীক্ষক, সমালোচক, বিশ্বসাহিত্য-স্রষ্টা, দেশী-বিদেশী চিন্তা-ভাবনার সংশ্লেষক, বিদেশ-বিদেশিনী প্রেমিক, প্রমত্ত বৈকল্যের দ্বন্দ্ব-উত্তীর্ণ নিরাসক্ত রসিক, সমাজ-রাষ্ট্র-ধর্মান্দোলনে তটস্থ আত্মতন্ত্রী, সুখে-দুঃখে অনুদ্বিগ্ন কাছের মানুষ, সমকালতে ও যুগসংকটদীর্ণ তীর্থযাত্রী ও মানববিজ্ঞানী—এমন নানা রবীন্দ্রনাথের তীক্ষ্ণ ও সংবেদনশীল বিশ্লেষণে একালের প্রায় পঞ্চাশজন কবি, সাহিত্যিক, শিল্পরসিক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, সাহিত্য-ইতিহাসবেত্তা, সঙ্গীতশিল্পী, রবীন্দ্র-জীবন-রসিক এবং সম্পাদক ও গবেষক এখানে ব্রতী হয়েছেন। শ্রদ্ধায়, সর্তকতায়, নিরপেক্ষ বিচারণায় ও অকৃত্রিম সহানুভূতিতে প্রতিটি প্রবন্ধ বক্তব্যে ও পাঠযোগ্যতায় পাঠকের অনুসন্ধিৎসাকে করবে উদ্দীপিত ও সাহিত্যবোধকে তীক্ষ্ণতর। সংকলনের লেখকসূচীতে রয়েছেন সুকুমার সেন, পুলিনবিহারী সেন, লীলা মজুমদার, শোভনলাল গঙ্গোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, স্বামী প্রজ্ঞানানন্দ, বিষ্ণুপদ ভট্টাচার্য, অমিয়কুমার মজুমদার, অশোক মিত্র, শঙ্করীপ্রসাদ বসু, অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়, সরোজ বন্দ্যোপাধ্যায়, সুশীলকুমার মুখোপাধ্যায়, নিমাইসাধন বসু, সমরেশ বসু থেকে শুরু করে বিমলকৃষ্ণ মতিলাল, শঙ্খ ঘোষ, নিত্যপ্রিয় ঘোষ, চঞ্চল মজুমদার, কেতকীকুশারী ডাইসন, সুভদ্র সেন, উজ্জ্বলকুমার মজুমদার প্রমুখ শক্তিমান, তীক্ষ্ণবুদ্ধি প্রাবন্ধিক-গবেষক। এ-ছাড়াও এই সংকলনে রয়েছে বিভিন্ন বয়সের বেশ কিছু অপরিচিত রবীন্দ্র-প্রতিকৃতি, এ-যাবৎ অপ্রকাশিত পাণ্ডুলিপি-চিত্র, রবীন্দ্রনাথের আঁকা রঙীন ছবি, পুরনো পত্র-পত্রিকায় প্রকাশিত রবীন্দ্ররচনার ও রবীন্দ্র-সমালোচনার ফোটো-কপি, রবীন্দ্রনাথের পড়া বইয়ে তাঁর নিজস্ব পেনসিল-নোটের ছবি এবং রবীন্দ্রনাথের জীবিত-কালে প্রকাশিত বাঙলা-ইংরেজি গ্রন্থের সমূহ তালিকা। মর্যাদাবান এই সংযোজনের বাইরেও এ-গ্রন্থের যা অমূল্য সম্পদ তা হল—অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও গোপাল ঘোষের আঁকা দুর্লভ কয়েকটি রবীন্দ্র-প্রতিকৃতি। রবীন্দ্র-গবেষণা ও রবীন্দ্র-চর্চার ক্ষেত্রে এক অপরিহার্য সংকলন—‘রাতের তারা দিনের রবি’।






Reviews
There are no reviews yet.