Description
কিংবদন্তি-লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের গল্পে হাত দিলে তা হয়ে ওঠে গল্পের চেয়েও বেশি। অন্যকিছু। গল্পের থেকেও বড় এক গল্প তখন ধরা দেয় এসে সেই ক্যানভাসে। বড় হওয়ায়, বড় মানুষ হওয়ার গল্প। কিশোর পাঠক-পাঠিকার জন্য লেখা সুনীলের প্রতিটি কাহিনিই তাই বৃহত্তর মানবিক-বোধে উত্তরণের সিঁড়ি। স্নেহ-মায়া-মমতা-ভালোবাসা-সততা ইত্যাদি প্রবৃত্তিগুলি কোমল কুঁড়িতে, বীজে গেঁথে-দেওয়ার-শিল্প। যাতে কুঁড়ি থেকে কুসুম হয়ে-ওঠার কালে সেইসব গুণাবলি নিজেকে মেলে-ধরতে-পারে পূর্ণতায়। তা বলে উপদেশ দেওয়া নেই। গল্পপাঠের আনন্দে ব্যাঘাত ঘটে না কোথাও। কাহিনির অন্তরালে থেকে কিশোর হৃদয়ে মানবিক পুষ্টিসকল কৌশলে চারিয়ে দেন লেখক।… আর এর সঙ্গে যদি মিশে যায় গল্পের টানটান রোমাঞ্চ- তাহলে তো কথাই নেই কোনও! ভূত, চোর, ডাকাত, পাহারাদার, কল্পপৃথিবীর মানুষ, জলের তলার ভয়াল প্রাণী-কারা এসে বসেনি এইসব গল্পের পাতায়। তাঁর নিজস্ব এক অনবদ্য স্টাইলে লেখা কাহিনিগুলি এমনই তরতরে গতিময়-শুরু করলে শেষ না করে পারা যায় না।… এখানেই কৃতিত্ব সুনীল গঙ্গোপাধ্যায়ের। পঞ্চাশটি কিশোর গল্পের মোড়কে বরেণ্য কথাকারের সৃষ্টিভাণ্ডার থেকে চয়ন করা হল সেই সমস্ত পুষ্পরাজি; বর্ণে-গন্ধে, আকর্ষণে এমনকি আবেদনে, যেগুলি চিরকালের হয়েও এই সময়ের ছোটদের মনের কথা বলে। নানারঙের ফুলে ভরা এই ব্যোকেটি তাই ছোটদের সঙ্গে সঙ্গে বড়দের কাছেও উপহার-স্বরূপ।








Reviews
There are no reviews yet.