Description
সময়, সভ্যতা, সমাজ – এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আর তার সাথে পাল্লা দিয়ে মানবজীবনে লেগেছে হরেক রঙের প্রলেপ যা হার মানায় রামধনুর বৈচিত্রকেও। সাফল্য-ব্যর্থতার নতুন নতুন সমীকরণে মানবজীবন ছুটে চলেছে নিত্য নতুন দিশায়। “অনুরণন” – বাস্তবতার নানা আঙ্গিকে কল্পনার রঙতুলি বুলিয়ে আঁকা এরকমই এক বর্তমান সমাজের চালচিত্র।
আত্মকেন্দ্রিকতার কালো বসনাবৃত চোখের বাঁধন খুলে দিলে সমাজের নানা ঘটনা ধরা দেয় নিজ নিজ মাহাত্ম্যে। কখনো সংসারের মুখ চেয়ে অসহায় এক পুরুষের প্রতিনিয়ত নিজেকে বেচে দেওয়া নারী-লালসার গোপন দরবারে, কখনো অসহায় নাতির মধ্যে দিয়ে অন্তর্দ্বন্দ্বে হেরে যাওয়া এক দিদার নতুন করে বাঁচার রসদ খুঁজে পাওয়া, কখনো বা এক রূপান্তরকামীর জীবনস্রোতে নিজের নাও ভাসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, আবার কখনো সমাজের চোখে ঘৃণ্য মানুষটার হাত ধরে শিক্ষার উন্মেষ অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা জনমানসে – এই সমস্ত চড়াই-উৎরাই পেরিয়েই জীবনমাঝি নাও বেয়ে চলেছে মোহনার দিকে।
এরকমই ২৩ টি ভিন্নধর্মী গল্পের মোড়কে বাস্তব চিত্রের কোলাজে সাজানো “অনুরণন” আত্মপ্রকাশ করতে চলেছে আসন্ন কলকাতা বইমেলার প্রাক্কালে। আপনাদের সকলকে অনুরোধ রইল পাশে থাকার, বইটি পড়ার, ভালোমন্দ মতামত প্রকাশ করার যা স্রষ্টা ও সৃষ্টির চলার পথের অমূল্য পাথেয়।






Reviews
There are no reviews yet.