Description
শ্রীযদুনাথ ভট্টাচার্য্য বিরচিত ‘রাজা সীতারাম রায় ও তৎপার্শ্ববর্ত্তী ও সংসৃষ্ট রাজগণের ইতিহাস’ গ্রন্থটি এমন সময়ে রচিত যখন বাংলার আকাশে বঙ্গভঙ্গের অশনি সংকেত। ব্রিটিশ সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালিকে একজোট হয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সময় তখন। প্রয়োজন, জাতির মেরুদণ্ড গঠনের। প্রয়োজন ঝিমিয়ে পড়া কুসংস্কারগ্রস্ত বাংলার সমাজকে বীররসে সঞ্জীবিত করার। সেই সময়ে একাধিক লেখক কলম তুলে নিয়েছিলেন অতীতের বাঙালি ‘হিরো’দের কাহিনির পুনর্নির্মাণে। আর সেই পুনর্নির্মাণে গৌরবান্বিত হয়েছিল মুঘল রাজশক্তির বিরুদ্ধে বাংলার স্থানীয় শাসকের মরণপণ সংগ্রাম। যশোরের প্রতাপাদিত্যের স্বাধীনচেতা মনোভাব যেমন এই যুগে নায়কোচিত মহিমায় উত্তীর্ণ হয়েছে, তেমনই দক্ষিণবঙ্গের আর এক স্থানীয় শাসক সীতারাম রায়ের আপোষহীন লড়াইও এই সময়ের বাঙালির কাছে আদর্শ হয়ে উঠেছিল। সেই ধারাতেই এই গ্রন্থের রচনা। ঐতিহাসিক বিচারে এই গ্রন্থ নিরপেক্ষতা দাবি করতে পারে না ঠিকই, কিন্তু তৎকালীন সময়ের প্রেক্ষিতে এর অনিবার্যতাকেও অস্বীকার করা যায় না। তাই, দোষে-গুণে মিলিয়েই এই গ্রন্থ, যেখানে রাজা সীতারাম রায়ের জীবনী বর্ণনার সঙ্গে ছত্রে ছত্রে মিশে আছে সমকালীন সমাজের প্রতি লেখকের মমত্ববোধ ও স্বদেশচেতনা।







Reviews
There are no reviews yet.