Description
ত্র্যম্বাইক (উঁহু, ত্র্যম্বক!) বাইক নয়, আসলে তিনভাঙা অমায়িক এক অস্তিত্ববিশেষ। নিত্যনতুন শব্দেরা এ জাহান্নমে জন্ম না নিলে, তাকে বা কেদারনাথের কাষ্ঠাসনকে সঠিক (না না, টীকাটিপ্পনি সমেত, মানে সটীক) বর্ণনা করা যাবে কি আদৌ? সেসব শব্দের (আহ্! শবদেহের) সন্ধানে কবি নিযুক্ত আছেন শান্তিপূর্ণ এক পদযাত্রায় (আবার ভুল! ‘পদযাত্রায়’ নয়। ওটা ‘পদ্যযাত্রায়’ হবে!)। হেঁটে চলেছেন তিনি হাতে হ্যারিকেন (নাহ্, মোমবাতি!) দেহহীন এক নৃমুণ্ডকে সম্বল করে। আসলে তিনি বয়ে নিয়ে চলেছেন দোদুল্যমান পরাবাস্তবিক পাঠক–মগজ। যে মগজধোলাইয়ের সহায়ক, না না ঈশ্বর নন, আপাত–দুর্বিনীত এই গ্রন্থ।
রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষকতা ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। এরপর স্বেচ্ছাঅবসর। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গানের গোত্র হিসেবে এই প্রথম বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীতপরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন-তরুণদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র ব্রহ্ম ঠাকুর ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ এবং ‘ব্রহ্ম ঠাকুর প্লাস টু’ উপন্যাস-গ্রন্থদুটিতে আত্মপ্রকাশ করেছে। প্রথম কাব্যগ্রন্থ— ‘তীরে এসো, সাহসিনী’। সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’। আমাদের প্রকাশিত এই লেখকের অন্যান্য বই: রক জার্নাল সিরিজ় রূপম on the রক্স • এই তো আমি রকস্টার • বিশ্বরূপম গান এবং কবিতাসংগ্রহ। গানসমগ্র ১ • তীরে এসো, সাহসিনী (সিগনেট)।






Reviews
There are no reviews yet.