Description
তরাইয়ের চা-বাগান এলাকার দুই পৃথিবী। সচ্ছল বাবুপাড়া ও হতদরিদ্র কুলিবস্তি। কুলিবস্তির মেয়ে উনকি। উনকি মানে ভগবানের সন্তান। কিন্তু ভগবানের মেয়ের ভাগ্য ভাল হয়নি। তার কপালে বড় একটা ফোড়া। ক্রমশ ঢেকে যাচ্ছে একটা চোখ। মেয়ের চিকিৎসার কথা ভাবতেই পারে না তার গরিব মা-বাবা। কিন্তু বাবুপাড়ার খোকন, অতীন, দীপুর মতো কয়েকজন কিশোরের হৃদয়ে জ্বলে ওঠে অদ্ভুত ভালবাসার আলো। উনকির চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়ে তারা। উনকির অপারেশন হয় জলপাইগুড়ির বড় হাসপাতালে। তারপর? সমরেশ মজুমদারের ‘উনকি’ উপন্যাসে দুঃখী এক মদেশিয়া মেয়ে হেঁটে চলে দিগন্তের দিকে।
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার |






Reviews
There are no reviews yet.